বিশ্বজুড়ে বহু ভাষাভাষীর মানুষ ব্যবহার করেন ফেসবুক। আর ওই সব মানুষকে একসূত্রে গাঁথতে নতুন উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্টরা। এখন থেকে ৪৪টি ভাষায় সাইটটিতে পোস্ট করতে পারবেন এর ব্যবহারকারীরা।
সোশ্যাল মিডিয়া জায়েন্টের দাবি, ভাষার সীমানা যাতে যোগাযোগের ক্ষেত্রে প্রতিবন্ধক না হয়ে ওঠে তাই এই নতুন উদ্যোগ। এক ভাষাভাষী মানুষের মনের ভাব বুঝতে অন্য ভাষাভাষীর মানুষের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য ৪৪টি ভাষার 'ডেটাবেস' তৈরি করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে নতুন ফিচারটির 'বেটা টেস্টিং' শুরু হয়। ধীরে ধীরে সব ব্যবহারকারীই এই ফিচার পেতে শুরু করবেন।
এখন থেকে একটি পোস্ট লেখার পর ফেসবুকে নতুন অপশন আসবে, অন্য ভাষায় সেটি অনুবাদ করার। ব্যবহারকারীরা চাইলেই ৪৪টি ভাষার মধ্যে থেকে যে কোনও ভাষায় অনুবাদ করে পোস্ট করতে পারবেন। অনেকটা ‘গুগল ট্রান্সলেটর’-এর মতো।
ফেসবুক তাদের এক ব্লগ পোস্টে জানিয়েছে, 'মেশিন জেনারেটেড লার্নিং প্রোগাম মডেলের উপর ভিত্তি করে কাজ করবে নতুন ফিচারটি। ঠিক যেভাবে কোনও পোস্ট বা কমেন্টের নিচে ‘সি ট্রান্সলেশন’ দেখা যেত এতদিন।' এখন থেকে একটি পোস্ট একাধিক ভাষাতেও আপডেট করতে পারবেন ব্যবহারকারী বা পেজ অ্যাডমিনরা।
