ইত্তেফাক রিপোর্ট
ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল আরএসএসের শীর্ষ নেতা ইন্দ্রেশ কুমার বলেছেন, ঢাকায় আমরা আমাদের মন মতো সরকার গঠন করে দিয়েছি। আগামী ২০২৫ সালের পরে পাকিস্তান হবে ভারতের অংশ। প্রতিষ্ঠা করা হবে ‘অখণ্ড ভারত’। এ ব্যাপারে বাংলাদেশ সরকারও সহযোগী ভূমিকা পালন করছে। ২০২৫-এর পর করাচি, রাওয়ালপিণ্ডি, লাহোর, শিয়ালকোটে বাড়ি কিনতে পারবেন ভারতবাসী। মুম্বাইতে ‘কাশ্মীর-ওয়ে অ্যাহেড’ শীর্ষক একটি অনুষ্ঠানে ‘অখণ্ড ভারত’এর পক্ষে বক্তৃতাকালে আরএসএসের এই শীর্ষ নেতা ওই মন্তব্য করেন।
ইন্ডিয়া টুডে এবং ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, শনিবার আরএসএসের শীর্ষ নেতা ও জাতীয় কর্মসমিতির সদস্য ইন্দ্রেশ কুমার বলেন, ‘১৯৪৭ সালের আগে পাকিস্তান ছিল না। সম্পূর্ণটাই হিন্দুস্থান ছিল। ২০২৫ সালের পরে আবার ওটা হিন্দুস্থানের মধ্যে চলে আসবে।’ যদিও কীভাবে তা সম্ভব হবে ইন্দ্রেশ কুমার স্পষ্ট করেননি। ‘অখণ্ড ভারত’-এর আশা প্রকাশ করে ইন্দ্রেশ কুমারের দাবি, ভারত ইউরোপীয় ইউনিয়নের মতো ‘ইউনিয়ন অব অখণ্ড ভারত’ সৃষ্টির পথে যেতে পারে।
জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা নিয়ে প্রশ্ন তুলে ইন্দ্রেশ কুমার বলেন, ‘সংবিধানে এক দেশ, এক নাগরিকত্ব, এক জাতীয় পতাকার কথা বলা আছে। যদি সমস্ত রাজ্যের জন্য তা কার্যকর হয়, তাহলে কেন জম্মু-কাশ্মিরে আলাদা সংবিধান, আলাদা পতাকা, আলাদা নাগরিকত্ব থাকবে? গোটা দেশ কাশ্মিরিদের জন্য উন্মুক্ত হলে কাশ্মির সব ভারতীয়র জন্য উন্মুক্ত নয় কেন?’ এটা সাম্প্রদায়িকতা, মৌলবাদ, গণতন্ত্রের হত্যা ও অন্যায় বলেও ইন্দ্রেশ কুমার মন্তব্য করেন।
