রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে যে কোনো সময় হরতাল-অবরোধসহ কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি। একইসঙ্গে তিনি বাঘাইছড়িতে সাতজন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তিনি অবৈধ অস্ত্র উদ্ধারে পাহাড়ে সাঁড়াশি অভিযান শুরু করারও দাবি জানান। গতকাল বুধবার সকালে রাঙ্গামাটিতে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে তিনি এই দাবি জানান।
এসময় সাবেক এমপি ফিরোজা বেগম চিনু, আওয়ামী লীগের সহ-সভাপতি নিখিল কুমার চাকমা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বর, আওয়ামী লীগ নেতা অংশু ছাইন চৌধুরী, অংশুপ্রু চৌধুরী, রাঙ্গামাটির মেয়র আকবর হোসেন চৌধুরী, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান রোমান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ জাহান প্রমুখ বক্তব্য রাখেন।
নেতারা বলেন, পাহাড়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে একের পর এক আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রাণ হারাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে পাহাড়ের পরিস্থিতি আরো অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।
এর আগে রাঙ্গামাটি পৌর চত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়ে সমাবেশে মিলিত হয়।
জনসংহতি সমিতির প্রতিবাদ
চট্টগ্রাম অফিস জানায়, রাঙামাটির বাঘাইছড়ি ও বিলাইছড়িতে পৃথক ঘটনায় আটজনের মৃত্যুর সাথে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। গতকাল সংগঠনের তথ্য ও প্রচার বিভাগের বিনয় কুমার ত্রিপুরা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, এই দুই ঘটনার সঙ্গে জনসংহতি সমিতি কোনোভাবেই জড়িত নয়।
