যশোরের নাভারণে স্কুলভ্যানে পল্লী বিদ্যুতের পিকআপের ধাক্কায় এক স্কুলছাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল বুধবার সকালে স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটেছে। আহত ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মোফতাহুল জান্নাত নিপা নাভারন বুরুজবাগান গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে একঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে এবং একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে পল্লী বিদ্যুতের একটি পিকআপ ধাক্কা দিলে স্কুলভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় মোফতাহুল জান্নাত নিপার এক পা মারাত্মক জখম হয়। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে নিপাকে বাঁচাতে ডান পা কেটে ফেলতে হয়। এ ঘটনার পরপরই বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তারা সড়ক অবরোধ করে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল ও পুলিশ প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থী ও এলাকাবাসী অবরোধ তুলে নেয়।
