‘জঙ্গিবাদ ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে’

আপডেট : ০৭ জুলাই ২০১৬, ১৬:২০
‘বাংলাদেশ সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি কোনো দল বা গোষ্ঠী নষ্ট করতে চায়। তাদের উদ্দেশ্য কি আমাদের বুঝতে বাকি নাই। ষড়যন্ত্র চলছে। তাই সারা দেশের যুবলীগ নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে।’ বৃহস্পতিবার আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী তার বাসভবনে এক জরুরি অলোচনা সভায় এ কথা বলেন।
 
তিনি বলেন, ‘যারা জঙ্গি হামলা করছে তাদের দেশের মানুষ ঘৃণা করছে। এমনকি এই জঙ্গিদের পরিবার তাদের মরদেহ দাবি করছে না। তাদের পরিবার দেশবাসীর কাছে ক্ষমা চাইছে।’
 
ওমর ফারুক আরো বলেন, ‘বিশ্ব ব্যাংক বলছে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সরকার ব্যর্থ হলে কার বা কোন দলের লাভ হবে। বাংলাদেশ যখন একের পর এক সাফল্য অর্জন করেছে তখন এই হামলা কেন।’
১১ জুলাই অনুষ্ঠিতব্য ১৪ দলের কর্মসূচিতে যুবলীগ নেতা-কর্মীদের ব্যাপকভাবে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে যুবলীগ চেয়ারম্যান প্রত্যেকটি ইউনিটে- মহানগর, জেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে জঙ্গি হামলার বিরুদ্ধে গণ-সচেতনতা বৃদ্ধির কর্মসূচির ঘোষণা দেন।
 
এ সময় যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ,  প্রেসিডিয়াম সদস্য ড. আহম্মেদ আল কবির, শহীদ সেরনিয়াবাদ, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাইনুল হোসেন খাঁন নিখিল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা বক্তব্য রাখেন।
 
এতে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম হাওলাদার, রেকায়াত আলী খাঁন নিয়ন, সফেদ আশফাক তুহিন, সামসুল আরেফিন নাঈম, ঢাকা মহানগর দক্ষিণসহ সভাপতি মাঈন উদ্দিন রানা ও সোহরাব হোসেন স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।