শোলাকিয়ার সন্ত্রাসী হামলায় বদরুদ্দোজা চৌধুরীর নিন্দা

আপডেট : ০৭ জুলাই ২০১৬, ২১:১৫
 
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতের কাছে সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
 
বৃহস্পতিবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‌'পবিত্র ঈদের দিনে বোমা মেরে পুলিশ হত্যার ঘটনার খবর জেনে আমরা দুঃখিত ও মর্মাহত হয়েছি। কয়েকদিন আগেও গুলশানে সন্ত্রাসী হামলা চালিয়ে বিদেশিসহ অনেক মানুষকে হত্যা করা হয়।'
 
বিবৃতিতে তিনি আরো বলেন, 'গুলশানের সন্ত্রাসী ঘটনার রেশ কাটতে না কাটতেই শোলাকিয়ায় পুলিশ হত্যার ঘটনা জেনে আমরা উদ্বিগ্ন ও উৎকন্ঠিত। আমরা সকল সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা এবং যারা এসব ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে অবিলম্বে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।'