এক নারীকে ধাক্কা দিয়ে পালানোর সময় আবরারকে চাপা দেয় বাসটি

আপডেট : ২১ মার্চ ২০১৯, ০০:৪১

এক নারী পথচারীকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে পালানোর সময় সু-প্রভাত পরিবহনের বাসটি আবরার আহমেদ চৌধুরীকে চাপা দেয় বলে জানিয়েছে পুলিশ। আবরারের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার দায়ের করা মামলার এজাহারেও পথচারীকে চাপা দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এদিকে আবরারের বাবার দায়ের করা মামলায় গ্রেফতার বাসের ঘাতক চালক সিরাজুল ইসলামের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত গতকাল বুধবার এই আদেশ দেন।

পুলিশ জানিয়েছে, সুপ্রভাতের বাসটি শাহজাদপুরের বাঁশতলা এলাকায় সিনথিয়া সুলতানা মুক্তাকে (২০) ধাক্কা দেয়। এরপর দ্রুতগতিতে পালানোর সময় বসুন্ধরা আবাসিক গেটের কাছে আবরারকে চাপা দেয়। ওই পথচারী কোথায় আছেন, বা তার বিস্তারিত পরিচয়ের বিষয়ে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত জানাতে পারেনি পুলিশ।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, শাহজাদপুর থেকে লোকজন আহত ওই পথচারীর কথা ও বাসের নম্বর পুলিশকে জানান। গ্রেফতার হওয়ার পর বাস চালক সিরাজুল ইসলামও জিজ্ঞাসাবাদে নারী পথচারীকে ধাক্কা দেওয়ার বিষয়টি পুলিশকে জানিয়েছেন। তবে তাত্ক্ষণিকভাবে ওই পথচারীকে অন্যরা হাসপাতালে পাঠানোয় তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। তিনি কোন হাসপাতালে চিকিত্সাধীন বা কোথায় আছেন, তা জানা যায়নি।

গত মঙ্গলবার সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরারকে চাপা দিয়ে হত্যা করে সু-প্রভাত পরিবহনের বাসটি। এ ঘটনায় আবরারের বাবা বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন।