নিরাপদ সড়কের আন্দোলন চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর ওপর গাড়ি উঠিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মোফাজ্জল হোসেন। দুর্ঘটনায় আহতরা হলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ইমা আক্তার (১০ম ব্যাচ) ও আয়েশা মোমেনা (১৪তম ব্যাচ)। আয়েশাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে নেওয়া হয় অ্যাপোলো হাসপাতালে। গতকাল বুধবার দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রাজধানীর প্রগতি সরণিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর মৃত্যুর প্রতিবাদে বুধবার সকাল নয়টা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরান ঢাকার রায়সাহেব বাজার অবরোধ করে আন্দোলন শুরু করে। দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন শেষ করে। দুপুর দুইটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষকের গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী আহত হয়।
আহত শিক্ষার্থী ইমা আক্তার জানান, আমরা দুই জন ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় একটি প্রাইভেটকার আমাদের ধাক্কা দেয়। আমি দূরে ছিটকে পড়লেও আয়েশার ওপর দিয়ে গাড়ি উঠিয়ে দেয়। পরে আহত আয়েশাকে ঐ গাড়িতে হাসপাতালে নিতে চাইলে ঐ শিক্ষক রাজি হননি। আহত আয়েশাকে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়।
জানা যায়, বিশ্ববিদ্যালয় ঐ শিক্ষক নিজে গাড়ি চালাচ্ছিলেন। ঘটনাস্থলে উপস্থিত অন্য শিক্ষার্থীরা গাড়িটি আটক করে আহত আয়েশাকে হাসপাতালে নেওয়ার জন্য ঐ শিক্ষককে অনুরোধ করে শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গাড়িটি ভাঙচুর করেন। পরে গাড়ি ভাঙচুর থামালে শিক্ষক গাড়িটি নিয়ে চলে যান। পরে আয়েশাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স করে প্রথমে ঢাকা মেডিক্যাল হাসপাতাল ও পরে অ্যাপালো হাসপাতালে নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, আয়েশাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়েছে। আয়েশার চিকিত্সা ভার শিক্ষক মোফাজ্জল হোসেন নিয়েছেন। মোফাজ্জল হোসেন দুঃখ প্রকাশ করে বলেন, ব্রেক কাজ না করার জন্য দুর্ঘটনা ঘটে। আমি আহত শিক্ষার্থীর চিকিত্সার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছি।
