১৫ আসামির মৃত্যুদণ্ড

আপডেট : ২১ মার্চ ২০১৯, ০০:৪৪

জমি সংক্রান্ত বিরোধের জেরে ঢাকার দোহারে এক ব্যক্তিকে হত্যার দায়ে পনেরো জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সিরাজ ওরফে সেরু কারিগর, আজাহার কারিগর, মিয়াজউদ্দিন, মোজাম্মেল ওরফে সুজা, আ. জলিল কারিগর, জালাল, বিল্লাল, ইব্রাহিম, আ. লতিফ, মিনহাজ ওরফে মিনু, মো. খলিল কারিগর, শাহজাহান কারিগর, দিদার, এরশাদ ও কালু ওরফে কুটি কারিগর। ঢাকার প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক প্রদীপ কুমার রায় গতকাল বুধবার এই রায় ঘোষণা করেন।

রায়ে আসামি মজিদল ওরফে মাজেদা ও চায়না বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ৪ জন এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই আসামি বিচারের শুরু থেকেই পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আনীত অভিযোগে বলা হয়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০০৮ সালের ৩ এপ্রিল ব্যবসায়ী নজরুল ইসলামের উপর হামলা করে আসামিরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ডা. নাজিমউদ্দিন আহমেদ বাদী হয়ে দোহার থানায় ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত এই রায় ঘোষণা করেন। আদালতে রাষ্ট্রপক্ষে কাজী শাহানারা ইয়াসমিন এবং আসামি পক্ষে মো. কামরুজ্জামান ও আনোয়ারুল ইসলাম চৌধুরী মামলা পরিচালনা করেন।