ম্যালওয়্যারে আক্রান্ত লাখ লাখ অ্যান্ড্রয়েড ফোন

আপডেট : ০৯ জুলাই ২০১৬, ১৪:৩০
অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ম্যালওয়্যার আক্রমণ নতুন কোনো কথা নয়। প্রায়শই এই সমস্যায় পড়তে হয় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের। এই মুহূর্তে তেমনই এক ম্যালওয়্যার ছেয়ে গেছে লাখ লাখ ফোনে। নতুন এই ম্যালওয়্যারের নাম ‘হামিংবার্ড’।
 
এক ব্লগ পোস্টে 'চেকপয়েন্ট' নামের ইসরাইলের এক সফটওয়্যার কোম্পানির নিরাপত্তা গবেষকরা এসব কথা জানিয়েছেন।
 
গবেষকদের মতে, এই ম্যালওয়্যারের উৎপত্তি চীনে। ম্যালওয়্যার প্রতিরোধকারী গুগলের সাম্প্রতিক ১২৮-বিট এনক্রিপশন সিস্টেমও তারা ভেঙে ফেলেছে।
 
চেকপয়েন্টের তথ্য অনুযায়ী, বেজিংয়ের ‘ইংমব’ নামের একটি কোম্পানি এই ম্যালওয়্যার তৈরি করেছে। মূলত চীন, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং ভারত, এই দেশগুলোর অ্যান্ড্রয়েড ফোনগুলোকেই আক্রমণ করছে এই ম্যালওয়্যার।
 
ঠিক কীভাবে কাজ করে এই ম্যালওয়্যার? চেকপয়েন্টের মতে, প্রথমেই ডিভাইসের ‘রুটকিট’-এর অ্যাকসেস পাওয়ার চেষ্টা করে হামিংবার্ড। এতে সক্ষম না হলে তারা একটি ফেক সিস্টেম আপডেট নোটিফিকেশন পাঠায়। ব্যবহারকারীরা ভুল করে তা আপডেট করলেই ডিভাইস সিস্টেম হামিংবার্ডের কব্জায় চলে আসে।
 
এ ব্যাপারে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছে এই ম্যালওয়্যারটির হাত থেকে তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে বাঁচাতে। তার আগে ব্যবহারকারীদের নিজেদেরই সাবধানে চলতে হবে। নতুন আপডেটে চোখ বুজে ‘ওকে’ করা চলবে না। দুমদাম যে কোনও অ্যাপ ডাউনলোড করার অনুরোধ এলেই সেটিকে গ্রাহ্য করা চলবে না।