বগুড়ায় ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ

আপডেট : ০৯ জুলাই ২০১৬, ১৪:৪৮
 
বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তারাজুল ইসলাম গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার ভোরে নিজ বাড়িতে শোবার ঘরে তিনি গুলিবিদ্ধ হন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
 
আহতের স্বজন ও স্থানীয়রা জানান, ইউপি চেয়ারম্যান তারাজুল ইসলাম গাবতলী উপজেলার আটবাড়িয়ায় তার গ্রামের বাড়িতে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে অজ্ঞাত দুই ব্যক্তি চেয়ারম্যানের শয়নকরে জানালায় আঘাত করতে থাকেন।
 
শব্দ পেয়ে চেয়ারম্যানের স্ত্রী ঘুম থেকে জেগে জানালা খুলে দেন। এ সময় অজ্ঞাত ওই দুই ব্যক্তি চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে চান। পরে চেয়ারম্যান তারাজুল ইসলাম বিছানা থেকে মাথা উঁচু করতেই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হন।
 
দ্রুত তাকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 
 
উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান তারাজুল ইসলাম বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। বর্তমানে জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটিতেও তার নাম রয়েছে বলে জানা গেছে। তিনি বগুড়া শহরের রহমান নগর এলাকায় বসবাস করেন। ঈদ উপলক্ষে তিনি গ্রামের বাড়িতে গিয়েছিলেন।
 
গাবতলী মডেল থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রাঙ্গার সঙ্গে তারাজুলের বিরোধ ছিল। এছাড়াও স্থানীয় পীরগাছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদ নিয়ে এবং গ্রামের একটি পুকুর লিজ নিয়েও চেয়ারম্যানের সঙ্গে এলাকায় বিরোধ চলছিল। এ বিষয় গুলি নিয়ে তদন্ত চলছে।