৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া রিও অলিম্পিক দেখা যাবে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেটে। মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি ঘোষণা দিয়েছে, ২০১৬ অলিম্পিকে তারা ৮৫ ঘণ্টা ৩৬০ ডিগ্রি এঙ্গেলের ভার্চুয়াল রিয়েলিটি ভিডিও সম্প্রচার করবে।
দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ও অলিম্পিক ব্রডকাস্টিং সার্ভিসের (ওবিএস) সহযোগী হয়েছে এনবিসি। তবে এ সুবিধা পাবেন শুধু স্যামসাংয়ের গ্যালাক্সি স্মার্টফোন ও গিয়ার ভিআর হেডসেট ব্যবহারকারীরা। অলিম্পিকের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানসহ মোট ৮৫ ঘণ্টা ত্রিমাত্রিক ভিডিও দেখার সুযোগ পাবেন এ ডিভাইস ব্যবহারকারীরা।
ছেলেদের বাস্কেটবল, জিমনাস্টিক, দৌড়, বিচ ভলিবল, ডাইভিং, বক্সিংসহ বেশকিছু আকর্ষণীয় খেলা দেখা যাবে নতুন এ প্রযুক্তিতে। অলিম্পিকের ৩১তম আসর উপলক্ষে সাজতে শুরু করেছে রিও ডি জেনেরিও। ২০৬ দেশের সাড়ে ১০ হাজারেরও বেশি ক্রীড়াবিদ অংশ নেবেন। এ অলিম্পিকে আয়োজক শহর রিও ডি জেনেরিওর ৩৩টি ভেন্যু ছাড়াও সাও পাওলো, রাজধানী ব্রাসিলিয়া, মানাউশ ও সালভাদোর শহরের পাঁচ ভেন্যু নির্বাচন করা হয়েছে। এনবিসি।
