যেমন হতে পারে নকিয়ার অ্যান্ড্রয়েড স্মার্টফোন

আপডেট : ১০ জুলাই ২০১৬, ১০:১৩
নতুন স্মার্টফোন বাজারে আনার দৌড়ে স্যামসাং ও অ্যাপেলের তুলনায় বেশ খানিকটা পিছিয়ে পড়েছে নকিয়া। তাদের শেষ নতুন ফোন বাজারে আসে ২০১৪ সালে, লুমিয়া ৮৩০ নামে। এরপর ২০১৫ সালের নভেম্বরে একটি ফিচার ফোন, নকিয়া ২৩০ ডুয়াল সিম বাজারে আসে। তারপর থেকে এখন পর্যন্ত কোনো নতুন ফোন বাজারে আনতে পারেনি ফিনল্যান্ডের প্রতিষ্ঠানটি।
 
তবে অনুরাগীদের আশার আলো দেখিয়েছিলেন নকিয়া টেকনোলজির প্রেসিডেন্ট রামজি হাইদামুস। দ্য ভার্জকে জানিয়েছিলেন, স্মার্টফোনের বাজারে ফের পা রাখবে নকিয়া। প্রতিষ্ঠানটির সিইও রাজীব সুরিও ওই একই মত ব্যক্ত করে জানিয়েছিলেন, অন্য কোনো প্রতিষ্ঠানের উৎপাদিত ফোনে নকিয়ার ট্যাগ লাগিয়ে বাজারে ছাড়া হতে পারে। নেক্সাসের ক্ষেত্রে ঠিক যেমনটা করে গুগল।
 
এবার নকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ফার্স্ট লুক ফাঁস হয়েছে টুইটারে। রাশিয়ার একটি ওয়েবসাইটের টুইটে নকিয়ার লোগোসহ একটি ফোন দেখা যাচ্ছে। অনেকেই দাবি, এটাই হতে পারে নকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোন।
 
IMG0 
 
ইনফোকাস বা শার্প- কোনো একটি প্রতিষ্ঠান এই ফোনটি তৈরি করেছে সম্ভবত। শার্প অ্যাকোজ পি ১ মডেলের সঙ্গে এই মডেলটির বেশ মিল রয়েছে। পাশাপাশি এটি আদৌ নকিয়ার ফোন কিনা, তা নিয়েও সন্দেহ রয়েছে!
 
কিন্তু ভুললে চলবে না, সম্প্রতি শার্পকে অধিগ্রহণ করেছে ফক্সকন। এই ফক্সকনই নকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি বাজারে আনতে পারে বলে গুজব নেট-দুনিয়ায়।
 
ফক্সকনের এই মডেলটিই ভবিষ্যতে নকিয়ার ট্যাগসহ ভারতীয় উপমহাদেশে বিক্রি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, ফিচারের দিক থেকে তাদের নতুন মডেলটি বাস্তবেই কিলার স্মার্টফোন! তাইওয়ানের বাজারে ৫.৩ ইঞ্চির আইজিজেডও ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ সিপিইউ পাওয়ার্ড বাই ৩ জিবি র‍্যামের শার্প অ্যাকোজ পি ১ মাত্র এক দিন আগেই প্রকাশ্যে এসেছে। ওই ফোনে রয়েছে ২২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও আইপি৫৮ পানিরোধী ক্যাপাবিলিটি।
 
প্রতিযোগিতায় না থাকলেও বিশ্বজুড়ে নকিয়ার বেশ কিছু বিশ্বস্ত গ্রাহক রয়েছেন। কিন্তু অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোন না পেয়ে অন্য কোনো ব্র্যান্ডের দিকে ঝুঁকেছেন। নকিয়ার ব্র্যান্ড-নেম কাজে লাগাতে ব্যর্থ মাইক্রসফট। অ্যান্ড্রয়েড ও আইওএস-এর সঙ্গে টক্করে পিছিয়ে পড়ে উইন্ডোজ। এবার কি অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটের বাজারে রাজত্ব করতে পারবে নোকিয়া? উত্তর মিলতে পারে এ বছরের শেষেই!