জঙ্গি নেতাকে 'বিপ্লবী' বলে ফের বিতর্কে জেএনইউ ছাত্রনেতা খালিদ

আপডেট : ১০ জুলাই ২০১৬, ১৮:২০
ভারতের কাশ্মিরের হিজবুল মুজাহিদিন নেতা বুরহান মুজফফর ওয়ানিকে 'বিপ্লবী' আখ্যা দিয়ে ফের বিতর্কে জড়ালেন দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্র নেতা উমর খালিদ। শুক্রবার রাতে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় বুরহান। এই বুরহানকেই ফেসবুকে 'বিপ্লবী' বলে সম্বোধন করেছেন খালিদ।
 
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, 'চে গুয়েভারা আর বুরহান একই ভাবে ভাবত।  হয়তো চে গুয়েভারার কথাগুলো ওরও কথা ছিল'। উমর বুরহানের কার্যকলাপের প্রশংসা করে বলেছেন, বুরহান মৃত্যুকে ভয় পেত না, ভয় পেত সেই জীবনকে যা অন্যের দ্বারা পরিচালিত। সেই পরাধীনতাকেই অস্বীকার করেছে বুরহান। সে বেঁচেও ছিল এক স্বাধীন মানুষ হিসেবে, মৃত্যুকেও বরণ করেছে একজন স্বাধীন মানুষ হিসেবে। তিনি ভারত সরকারকে প্রশ্ন করেছেন, 'আপনারা কীভাবে একজন মানুষকে ভয় দেখাবেন, যারা নিজেরাই নিজেদের ভয়কে জয় করেছে।'
 
শুক্রবার কাশ্মিরে বুরহানের মৃত্যুর পর সেখানকার পরিস্থিতি উত্তাল হয়ে উঠেছে। পুলিশের বাধা উপেক্ষা করে বহু মানুষ তার জানাজায় এসেছে। তার পর থেকে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে সেখানে ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
 
এরআগে জেএনইউ ক্যাম্পাসে ভারতবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে নাম জড়িয়েছিল খালিদের। প্রসঙ্গত রাষ্ট্র দ্রোহীতার অভিযোগ থেকে রেহাই পেলেও বিশ্ববিদ্যালয়ে শাস্তির মুখে পড়তে হয়েছিল তাকে।