ইথিওপিয়ায় প্রশ্ন ফাঁস ঠেকাতে বন্ধ সোশ্যাল মিডিয়া

আপডেট : ১১ জুলাই ২০১৬, ১১:৩৩
আগামী সপ্তাহ থেকে ইথিওপিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হচ্ছে ভর্তি পরীক্ষা। আর ওই সময় যাতে প্রশ্নপত্র ফাঁস না হয় সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্লক করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
 
গত মাসে বার্ষিক পরীক্ষার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রশ্নপত্র ফাঁস হলে ইথিওপিয়া জুড়ে বিতর্ক তৈরি হয়। ভর্তি পরীক্ষার সময় যাতে ওই পরিস্থিতি তৈরি না হয় সেজন্য আগামী কয়েক দিনের জন্য বন্ধ করে দেয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।
 
এ ব্যাপারে দেশটির পক্ষ থেকে এএফপিকে জানানো হয়েছে, 'সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর সাহায্যে পরীক্ষার প্রশ্নপত্র পেয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। সেজন্য সাময়িক পদক্ষেপ হিসেবে আগামী বুধবার পর্যন্ত সময়ের জন্য ওইসব মাধ্যম ব্লক করে দেয়া হয়েছে।'
 
এএফপির খবরে প্রকাশ, ইথিওপিয়ায় ইন্টারনেট সচল থাকলেও শনিবার থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও ভাইবারের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে প্রবেশ করা যাচ্ছে না।
 
আফ্রিকান নিউজ ডটকমের খবরমতে, ইথিওপিয়ার ইন্টারনেট ব্যবহারকারীরা এই উদ্যোগের সমালোচনা করে বলছেন, সরকার নতুন কোনো সেন্সরশিপ টুল চালু করার জন্যই সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করেছে।