মাগুরা শহরের নতুন বাজারে জেলা কেন্দ্রীয় কালিমন্দিরে সোমবার রাতে জঙ্গিগোষ্ঠীর চার সদস্য নাশকতার উদ্দেশ্যে অনুপ্রবেশ করেছে বলে সন্দেহ করা হচ্ছে।
এ সন্দেহে জেলা পুলিশ প্রশাসন শহরের বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়েও ওই যু্বকদের আটক করতে পারেনি। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, সোমবার রাতে সন্দেহভাজন চার যুবক একটি রিকশায় করে মাগুরা কালিমন্দিরের সামনে নামে। এ সময় তিনজন বাইরে অবস্থান নেয়। মুখে ছোট দাড়ি পাঞ্জাবি পরিহিত অপর যুবক মন্দিরের চত্বরে প্রবেশ করে পুরোহিত পরেশ মুখার্জীকে খুঁজতে থাকেন। এ সময় মন্দিরে উপস্থিত পূজারীরা ওই যুবককে জিজ্ঞাসাবাদ করলে তিনি তাবিজ নেয়ার জন্য এখানে এসেছেন জানিয়ে দ্রুত সটকে পড়েন।
ঘটনা জানার পর সারারাত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
