চীনে ফিলিপিনো নাগরিকদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

আপডেট : ১২ জুলাই ২০১৬, ১৪:৪৫
 
চীনে অবস্থিত ফিলিপাইন দূতাবাস ব্যক্তি কেন্দ্রিক 'হুমকির' ব্যাপারে তাদের দেশের নাগরিকদের সতর্ক থাকার এবং দক্ষিণ চীন সাগরে চরম বিরোধের বিষয়ে মঙ্গলবার আদালতের রায়ের প্রাক্কালে রাজনৈতিক বিতর্ক এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।
 
ম্যানিলা চীনকে চ্যালেঞ্জ করতে ২০১৩ সালে দি হেগে আন্তর্জাতিক আদালতে একটি মামলা দায়ের করে। চীন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রের প্রায় সকল এলাকা, এমনকি ফিলিপাইন এবং দক্ষিণপূর্ব এশিয়ার অন্যান্য দেশের উপকূলীয় জলসীমা তাদের বলে দাবি করে।
 
এদিকে চীন আন্তর্জাতিক ওই আদালতের শুনানিতে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে এবং মঙ্গলবারের সিদ্ধান্ত উপেক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
 
চীনে অবস্থান করা ফিলিপাইনের নাগরিকদের এক ই-মেইল বার্তায় দূতাবাস আদালতের রায়ের প্রাক্কালে উত্তেজনার কারণে তাদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
 
ওই ই-মেইল বার্তার বরাত দিয়ে এএফপি'র খবরে বলা হয়, এ সময় তাদেরকে রাজনৈতিক বিষয় নিয়ে বৈঠক ও জন সমাবেশ এড়িয়ে চলতে পরামর্শ দেয়া হয়েছে এবং রাজনৈতিক আলোচনা বা বিতর্কে না জড়াতে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উৎসাহিত করা হয়েছে।
তাদেরকে সার্বক্ষণিকভাবে পরিচয়পত্র বহন করতে এবং হুমকির যেকোন খবর দূতাবাস ও চীনের পুলিশকে জানাতে বলা হয়েছে। বাসস।