বাথরুমে অবরুদ্ধ বন্ধুকে বাঁচাতে ড্রোন!

আপডেট : ১২ জুলাই ২০১৬, ১৬:১৫
বাথরুম থেকে বের হবার সময় তিনি বুঝতে পারেন দরজা ভেতর থেকে খোলা যাচ্ছে না। ওই দরজার একটিমাত্র চাবি আছে। আর সেটিও তার নিজের কাছে। কোনো ফাঁকা স্থান না থাকায় চাবিটি বাইরের কারো কাছে দিয়ে তাকেও খুলে দেয়ার অনুরোধ করতে পারছেন না। 
 
শেষমেষ এক বন্ধুর বুদ্ধিমত্তায় মুক্তি মেলে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে আয়ারল্যান্ডে। লুইস নামের এক তরুণী একটি বহুতল ভবনের বাথরুমে আটকা পড়েন। বাথরুমের পেছনে একটি ভেন্টিলেটর ছাড়া কোনো ফাঁকা স্থান নেই। কিন্তু সেই ভেন্টিলেটরের সোজা নিচে ব্যস্ত সড়কে শত শত যানবাহন চলছে। একারণে চাবিটি নিচে ছুঁড়ে ফেলে দিলে তা খুঁজে বের করা কারো পক্ষে সম্ভব নয়। শেষমেষ তিনি এক বন্ধুকে ফোন করেন। 
 
ওই বন্ধু তার ড্রোনটি (চালকবিহীন ছোট বিমান) বাথরুমের ভেন্টিলেটর দিয়ে ভেতরে পাঠিয়ে দেন। লুইস চাবিটি ড্রোনের ভেতর ছেড়ে দিলে তা তার বন্ধুর কাছে পৌঁছে যায়। পরে তার বন্ধু বাহির থেকে ওই চাবি দিয়ে বাথরুমের লক খুলে ওই তরুণীকে উদ্ধার করেন। প্রায় ১১ ঘণ্টা পর মুক্তি পান তিনি। -ইউপিআই