পেশোয়ারে সেনা স্কুলে হামলার হোতা আফগানিস্তানে নিহত

আপডেট : ১২ জুলাই ২০১৬, ১৬:৩০
পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত স্কুলে হত্যাযজ্ঞ চালানোর মূল হোতা ওমর মনসুর নিহত হয়েছেন।  পাকিস্তানের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা দাবি করেছেন, মার্কিন ড্রোন হামলায় আফগানিস্তানে মনসুর নিহত হয়।
 
২০১৪ সালের ডিসেম্বরে পেশোয়ারের একটি স্কুলে হামলা চালিয়ে ১৪৮ জনকে নির্মমভাবে হত্যা করে জঙ্গিরা। নিহতদের মধ্যে প্রায় সবাই ছিল স্কুল ছাত্র।
 
পাকিস্তানি কর্মকর্তারা ডন অনলাইনকে বলেন, গত শনিবার আফগানিস্তানের নানগরহার প্রদেশের বন্দর এলাকায় ড্রোন হামলায় ওমর মনসুর মারা যায়। এ সময় কারি সাইফুল্লাহ নামের আরেক জঙ্গিনেতাও নিহত হন।
 
নিহত এই দুজন পাকিস্তানের তেহরিক-ই-তালেবানের তারিক গিদার গ্রুপের নেতৃত্ব দিচ্ছিলেন।