দ. সুদানে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান বান কি মুনের

আপডেট : ১২ জুলাই ২০১৬, ১৮:১৮
গোলোযোগপূর্ণ দক্ষিণ সুদানে অতিসত্বর অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। শান্তিরক্ষা বাহিনীকে আরো শক্তিশালী করতে হেলিকপ্টার হামলা চালানোর কথাও জানিয়েছেন তিনি। এছাড়া দেশটির রাজনৈতিক ও সামরিক নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং দেশটির সাধারণ জনগণকে বাঁচাতে জাতিসংঘ মিশনকে আরো জোরদার করার আহ্বান জানিয়েছেন মহাসচিব।
 
স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে শুরু হওয়া সহিংসতায় ইতিমধ্যে কয়েকশ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এছাড়াও চীনের দুই জন এবং দক্ষিণ সুদানের একজন শান্তিরক্ষী নিহত হয়েছে। ওদিকে হোয়াইট হাউস সতর্ক করে জানিয়েছে, শান্তি প্রচেষ্টা যে বাধা দেওয়ার চেষ্টা করবে তাকেই এর দায় নিতে হবে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস বলেছেন, এটি অর্থহীন ও অমার্জনীয় সংঘর্ষ। এই সহিংসতা সৃষ্টিকারীরা দেশ এবং নাগরিকদের কল্যাণ নয়, বরং নিজেদের স্বার্থে অরাজকতা সৃষ্টি করছে। সুদানি জনগণকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। অথচ গত পাঁচ বছর যাবৎ এখানকার জনগণ শান্তি প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে। 
 
গত শুক্রবার থেকে প্রেসিডেন্ট সালভা কির ও ভাইস প্রেসিডেন্ট রিয়েক ম্যাচারের অনুগত বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় এ পর্যন্ত শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। সূত্র: বিবিসি