কাপ্তাই ঘাঘড়া সড়কে বগাছড়ার উপর নির্মিত বেইলি ব্রিজটি ভেঙে পড়ে আছে তিন মাস ধরে। আর এই তিন মাস কাপ্তাই-রাঙ্গামাটি-বান্দরবান এবং খাগড়াছড়ি জেলার সঙ্গে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। বিশেষ প্রয়োজনে এক ঘন্টার পথ তিন ঘন্টা ঘুরে ছোটগাড়ি যাতায়াত করতে পারলেও বাস ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগ চরমে পৌঁছেছে।
গত ১৪ এপ্রিল ইসলা কন্সট্রাকশন লিমিটেডের একটি ক্রেন কাপ্তাই থেকে রাঙ্গামাটি যাচ্ছিল। ওই সময় বেইলি ব্রিজে উঠার সঙ্গে সঙ্গে ব্রিজটি ধসে পড়ে। স্থানীয়রা জানান, ১৯৯০ সালে সড়ক ও জনপথ বিভাগ বগাছড়ার উপর এ বেইলি ব্রিজটি নির্মাণ করে। নির্মাণের সময় এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা ছিল ৩৫ টন এবং মেয়াদকাল ছিল ২০ বছর। কিন্তু বেইলি ব্রিজ নির্মাণের পর ইতোমধ্যে ২৬ বছর পেরিয়ে গেছে। আর ধারণ ক্ষমতাও আগের তুলনায় হ্রাস পেয়েছে। এই ব্রিজ দিয়ে ভারি যানবাহন চলাচল না করলেও প্রতিদিন যাত্রী বোঝাই বাস এবং মাল বোঝাই ট্রাকসহ সেনাবাহিনীর বিভিন্ন যানবাহন নিয়মিত চলাচল করতো।
পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি শহরে সরাসরি সড়ক যোগাযোগের জন্য ব্রিজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু গত ১৪ এপ্রিল সকালে প্রায় ৫০ টন ওজনের ওই ক্রেনটি ব্রিজে উঠতে গিয়েই সকল যোগাযোগ বন্ধ করে দেয়।
ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের প্রাক্তন মেম্বার আপাই মারমা বলেন, স্থানীয় উত্পাদিত কলা, আম, কাঁঠাল, লিচু, পেঁপে, বরবটি, ধনিয়াসহ যাবতীয় সাক-সবজি এ সড়ক দিয়ে বিভিন্ন স্থানে পরিবহন করা হতো। কিন্তু বিগত কয়েক মাস ধরে উত্পাদিত সকল পণ্য এলাকায় পড়ে আছে। এতে কৃষক মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কবে ব্রিজটি পুনরায় সংস্কার করা হবে সে ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগসহ কারো পক্ষ থেকে স্পষ্ট কিছু জানা যায়নি।
