বাগদাদে গাড়িবোমা হামলায় নিহত ৯

আপডেট : ১৩ জুলাই ২০১৬, ০৩:২৪
ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে রাশিদিয়ায় এক গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে নয়জন নিহত হয়েছেন। মঙ্গলবারের এ হামলায় আরো ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে নিরাপত্তা ও হাসপাতাল সূত্রগুলো। তাত্ক্ষণিভাবে এ হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) প্রায়ই বাগদাদ ও এর আশপাশে এ ধরনের হামলা চালিয়ে থাকে। ২০১৪ সাল থেকে ইরাকের বিশাল অংশ দখল করেছিল এ গোষ্ঠীটি। বর্তমানে ইরাকে আইএস তার নিয়ন্ত্রিত এলাকা হারাচ্ছে।
 
গেল ৩ জুলাই বাগদাদের কেন্দ্রস্থলের কারাদা এলাকায় ভোররাতে সেহরির সময় চালানো এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে ২৯২ জন নিহত হন। ১৩ বছর আগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর অভিযানে দেশটির সাবেক একনায়ক সাদ্দাম হোসেনের পতনের পর থেকে সবচেয়ে প্রাণঘাতী বোমা হামলাগুলোর মধ্যে অন্যতম ছিল এ হামলা। এরপর থেকে রাজধানীতে উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি রয়েছে। লড়াইয়ের ময়দানে সরাসরি যুদ্ধে আইএস বিপর্যয়ের শিকার হওয়ার পর থেকে গোষ্ঠীটির সদস্য ও সমর্থকেরা আত্মঘাতী বোমা হামলা চালানোর দিকে ঝুঁকে পড়ছে।