চট্টগ্রামে হত্যার দায়ে দুইজনের ফাঁসি কার্যকর

আপডেট : ১৩ জুলাই ২০১৬, ১০:৫৪
অটোরিকশা চালককে হত্যার দায়ে চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামির রায় কার্যকর করা হয়েছে। এরা হলেন, মো. শহীদুল্লাহ ও সাইফুল ইসলাম।
 
মঙ্গলবার রাত ১২টা ০১ মিনিটের পর পর্যায়ক্রমে এই দুই আসামির ফাঁসির রায় কার্যকর করা হয়।
 
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
উল্লেখ্য, ২০০৪ সালের ১৯ মে রাতে রেজাউল করিম ওরফে আজিজ নামে ওই অটোরিকশা চালককে শহীদুল্লাহ ও সাইফুলসহ মোট তিনজন মিলে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই মিয়াধন বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ এ ঘটনায় শহীদুল্লাহ, সাইফুল ও মীর হোসেনকে গ্রেফতারের পর তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ২০০৫ সালের ২৯ নভেম্বর চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আব্দুর রহমান পাটোয়ারি আসামি সাইফুল ও শহীদুল্লাহকে মৃত্যুদণ্ড এবং মীর হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
আসামিরা উচ্চ আদালতে আবেদন করার পর তা খারিজ হয়ে যাওয়ায় রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানান। সেই আবেদনও নাকচ হয়ে যায়।