বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় সোমবার এক বিধবা নারী (২২) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার সকালে ডাক্তারী পরীক্ষার জন্য ওই নারীকে পুলিশ বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। এর আগে মঙ্গলবার রাতে ধর্ষিতা ওই নারী (হনুফা বেগম) বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় প্রেমিক জাকির হাওলাদারসহ চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো একজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
সোমবার রাতে মোরেলগঞ্জ উপজেলার খাওলিয়া ইউনিয়নের কেসি চালতেবুনিয়া গ্রামের একটি বাগানে এ ঘটনা ঘটে। তবে পুলিশ এই ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি।
নির্যাতনের শিকার ওই নারীর বরাত দিয়ে মোরেলগঞ্জ থানার তদন্ত বিভাগের পরিদর্শক (ওসি) তারক বিশ্বাস সকালে বলেন, ‘প্রায় তিন মাস আগে উপজেলার পশুরবুনিয়া গ্রামের জাকির হাওলাদারের (৩৫) সঙ্গে বিধবা ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সম্পর্কের সূত্র ধরে সোমবার বিকালে জাকির মোবাইল ফোনে তার মা অসুস্থ এই কথা বলে ওই নারীকে বাড়ি থেকে ডেকে নেয়। প্রেমিকের ফোন পেয়ে তিনি তার বড় ভাইয়ের মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন।’
তিনি আরো বলেন, ‘জাকির ব্যাটারি চালিত ভ্যানে করে ওই নারীকে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে বেড়ানোর পর সন্ধ্যায় কেসি চালতেবুনিয়া গ্রামের একটি বাগানে নিয়ে যায়। এরপর জাকির এবং তার সহযোগীরা মিলে ওই বিধবা নারীকে জোরপূর্বক গণধর্ষণ করে। এ সময় ওই নারীর সঙ্গে থাকা তার ভাইয়ের মেয়ে দৌঁড়ে পালিয়ে গিয়ে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয় লোকজন ছুটে আসলে জাকির এবং তার সহযোগীরা পালিয়ে যায়।’
