জাতীয় সংসদ ভবনের নিরাপত্তা আরো জোরদার করার নির্দেশ দিয়েছেন ডেপুটি স্পিকার মো.ফজলে রাব্বী মিয়া।
বুধবার সকালে ফজলে রাব্বী মিয়া সংসদ ভবন এলাকা পরিদর্শন করেন। সংসদ ভবনের প্রতিটি চেকপোস্ট তিনি সরেজমিনে পরিদর্শন করেন। সেখানে কর্তব্যরত নিরাপত্তা কর্মীদের খোঁজ খবর নেন।
পরিদর্শনকালে তিনি সংসদ ভবনে অননুমোদিত কোন ব্যক্তি বা গাড়ি যাতে প্রবেশ করতে না পারে সে বিষয়ে কর্তব্যরত নিরাপত্তা কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন।
ডেপুটি স্পিকার ভিভিআইপিগণের প্রবেশপথে (গলফ-৮) নিরাপত্তা কর্মীর সংখ্যা আরো বৃদ্ধি করতে সিনিয়র সচিব ও সার্জেন্ট এ্যাট আর্মসকে নির্দেশ দেন। সকল চেকপোস্টের প্রবেশপথের গতিরোধক বাঁশকলগুলোকে ইলেক্ট্রিক করারও তিনি পরামর্শ দেন।
ডেপুটি স্পিকার চেকপোস্টগুলোকে বিজয় স্মরণীর ৬ নং গেইটের অনুরূপ পাকাকরণের পরামর্শ দিয়ে টয়লেটসহ নিরাপত্তা কর্মীদের কাজের অনুকুল অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য সিনিয়র সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আদেশ দেন।
নিরাপত্তা কর্মীদের জন্য পর্যাপ্ত বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট সরবরাহ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও তিনি নির্দেশ দেন।
এ সময় জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. মো. আব্দুল রব হাওলাদার, সার্জেন্ট অ্যাট আর্মস কমোডর সৈয়দ আরিফুল ইসলাম, ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস পুলিশ সুপার মো. সেলিম খান ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।-বাসস।
