‘ইসলাম কোনো হত্যাকাণ্ডকে সমর্থন করে না। ইসলামের বিধি অনুযায়ী বিনা কারণে গাছের পাতাও ছেড়া যাবে না। বর্তমানে যারা ইসলামের নামে জঙ্গিবাদী ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত তারা ইসলামের শত্রু।’ বুধবার নরসিংদী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা ইসলামি ফাউন্ডেশন আয়োজিত ‘সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান’ শীর্ষক আলোচনা সভায় বিশিষ্ট ইসলামি চিন্তাবিদরা এসব কথা বলেন।
তারা বলেন, জঙ্গি নির্মূলে এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে দেশের আলেম সমাজ ও ঈমামদেরকে এগিয়ে আসতে হবে।
নরসিংদী জেলা ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু তাহের সিদ্দিকী এতে সভাপতিত্ব করেন।
এতে জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম বিপিএম এতে উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা হিসেবে ঢাকা ইসলামি ফাউন্ডেশনের মোকাদ্দিস মাওলানা ওয়ালিউর রহমান, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও নরসিংদীর প্রশিক্ষণ প্রাপ্ত ঈমাম সমিতির সভাপতি মাওলানা আবুল হোসাইন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা সুলতান উদ্দিন নুরী ও মুফতি মাওলানা আতিকুল্লাহ আল-মামুন প্রমুখ বক্তব্য রাখেন।
