রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকে আইএসের নামে হত্যার হুমকি

আপডেট : ১৩ জুলাই ২০১৬, ২২:২৪
রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে মধ্যপাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ‘আইএসে’র নামে রাজশাহী প্রেসক্লাবে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে।
 
বুধবার সন্ধ্যায় নওগাঁর আত্রাই থেকে রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো ওই চিঠি রাজশাহী প্রেসক্লাবে পৌঁছায়। চিঠির প্রেরকের জায়গায় নাম দেয়া আছে,  হেকমত আলী। পরে মোবাইল ফোনে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদকে বিষয়টি অবগত করেন।
 
ওই চিঠিতে ‘রাজশাহীতে আমাদের পরবর্তী কিলিং মিশন’ শিরোনামে বলা হয়েছে, ‘আমরা তাকে বারবার সতর্ক করার পরও সে ইউনিয়ন পরিষদের নির্বাচনে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের বিভিন্ন ইউনিয়নে সভা সমাবেশে আমাদের সম্পর্কে উদ্ধর্তপূর্ণ বক্তব্য দেয় এবং ইসলামী চিন্তাবিদদের চ্যালেঞ্জ দেয় যা বাংলাদেশের ইসলামের জন্য হুমকি। আবার সে শেখ হাসিনাকে ইসলাম দরদী বানানোর চেষ্টা করে বক্তব্য রেখে বলেছে শেখ হাসিনার হাতে বাংলাদেশের ইসলাম নিরাপদ, তিনি ইসলামী আইনে দেশ পরিচালনা করছে, দেশে আলেম ওলামাগণকে সর্বোচ্চ সম্মান দিচ্ছেন। কিন্তু আপনারা অবগত আছেন এই জালেম সরকারের নির্যাতন, হত্যা, গুম এগুলোর হাত থেকে দেশের ইসলামী চিন্তাবিদ, আলেম, ওলামাগণ এমনকি ইসলামী আদর্শের সাধারণ মানুষও ছাড় পাচ্ছে না। আর আসাদুজ্জামান আসাদ এই সরকারের ইসলাম বিরোধী কর্মকাণ্ড বাস্তবায়নে কাজ করছে। ইসলাম অপপ্রচার এমনভাবে করছে যে তার জন্যই তাকে আমাদের পরবর্তী কিলিং মিশনের টার্গেট।’ 
 
এ বিষয়ে আসাদুজ্জামান আসাদ বলেন, ‘বিষয়টি তিনি রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের কাছ থেকে শুনেছেন। চিঠিটি হাতে পাওয়ার পর দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’