টঙ্গীতে নারী শ্রমিককে গলা কেটে হত্যা

আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১১:৫৮
গাজীপুরের টঙ্গীতে এক নারী শ্রমিককে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত নার্গিস বেগম (৪৫) ময়মনসিংহের গফরগাঁও থানার জয়েরচর এলাকার মৃত ইব্রাহিম মিয়ার স্ত্রী।
 
বুধবার দিবাগত মধ্যরাতে টঙ্গীর এরশাদ নগর এলাকায় এ ঘটনা ঘটে। নার্গিস ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।
 
জানা গেছে, বুধবার রাতে কাজ শেষে নার্গিস তার সহকর্মী মানিকের সঙ্গে বাসায় ফেরেন। মানিক এক ফাঁকে নার্গিসের ঘরের খাটের নিচে লুকিয়ে পড়েন। দুই মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়লে রাত সাড়ে ১২টার দিকে মানিক দা দিয়ে নার্গিসকে গলা কেটে হত্যা করে। এ সময় মেয়েরা চিৎকার শুরু করলে মানিক পালিয়ে যান।
 
টঙ্গী থানার এসআই বেলাল হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।