‘পাকিস্তান রাষ্ট্রীয় নীতি হিসেবে জঙ্গিবাদ ব্যবহার করে’

আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১৬:০৩
কাশ্মিরে জঙ্গিনেতা বুরহান ওয়ানি হত্যার পরে পাকিস্তানের প্রতিক্রিয়ার কঠোর সমালোচনা করেছে ভারত। জাতিসংঘে ভারতের রাষ্টদূত সৈয়দ আকবর উদ্দিন বলেন, পাকিস্তান অন্য রাষ্ট্রের অঞ্চল দখলের পায়তারা করে এবং ভ্রান্ত উদ্দেশ্য হাসিল করতে রাষ্ট্রীয় নীতি হিসেবে জঙ্গিবাদ ব্যবহার করে।
 
এর আগে বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার বিষয়ক এক বিতর্কে পাকিস্তানের দূত মালিহা লোধি হিজবুল মুজাহিদীন কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে অভিহিত করেন। তিনি ২২ বছর বয়সী ওয়ানিকে কাশ্মিরি নেতা হিসেবে উল্লেখ করেছেন। এর জবাবে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে ভারতের দূত বলেন, আমরা অনুশোচনার সঙ্গে দেখলাম জাতিসংঘের প্লাটফর্মের অপব্যবহার যেটা এসেছে পাকিস্তানের কাছ থেকে। তারা অন্য দেশের ভূমি দখল করার পায়তারা করে এবং ভ্রান্ত উদ্দেশ্যে রাষ্ট্রীয় নীতি হিসেবে জঙ্গিবাদ ব্যবহার করে। 
 
আকবর উদ্দিন আরো বলেন, পাকিস্তান জঙ্গিদের প্রশংসা করে এবং মানবাধিকারের বিষয়ে নিজেদের খারাপ অতীতের জন্য এখনো জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য হতে পারেনি। উল্লেখ্য, গত শুক্রবার কাশ্মিরে হিজবুল মুজাহিদীন কমান্ডার বুরহান ওয়ানিকে এক অভিযানে হত্যা করে ভারতীয় সেনাবাহিনী। এর জের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পরবর্তী তিন দিনে ৩৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো ১৪০০ জন। এনডিটিভি।