লা লিগায় মেসির খেলতে বাধা নেই

আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১৬:১১
স্পেনের শীর্ষ লিগে মেসির খেলতে কোনো সমস্যাও দেখছেন না লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস।
 
বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এরই মধ্যে মেসির সঙ্গে আমি কথা বলেছি- তাকে আমি অপরাধী ভাবি না এবং তার লা লিগায় থাকাতেই আমি খুশি। এই খেলোয়াড়ের সামনে আরও সুযোগ আছে এবং চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’
 
২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রায় ৪১ লাখ ইউরো কর ফাঁকির জন্য সম্প্রতি আর্জেন্টিনার এই তারকা ফুটবলার ও তার বাবা হোর্হে মেসিকেও ২১ মাসের কারাদণ্ড দেয় স্পেনের একটি আদালত।
 
তবে স্পেনে সহিংস অপরাধ না করলে দুই বছরের নিচে সাজার ক্ষেত্রে কারাবাস হয় না। তবে জরিমানার শাস্তি থেকে রেহাই পাবেন না তারা। আদালত মেসিকে ২০ লাখ ইউরো ও তার বাবাকে ১৫ লাখ ইউরো জরিমানা করেছে।
 
বুধবার স্পেনের গণমাধ্যম জানায়, আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবে না সরকারি আইনজীবীরা। তবে ধারণা করা হচ্ছে মেসির আইনজীবীরা সুপ্রিম কোর্টে শাস্তির বিরুদ্ধে লড়বেন।