চেলসি কিংবদন্তি দিদিয়ের দ্রগবা অবশেষে অবসর নিচ্ছেন। আইভরি কোস্টের খেলোয়াড়টি জানিয়েছেন ৪০ বছর বয়সে এসে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফিনিক্স রাইসিংয়ের হয়ে ২০১৮ সালের জন্য তিনি ইউনাইটেড সকার লিগ (্ইউএসএল) মৌসুমের জন্য নাম নিবন্ধন করিয়েছিলেন। কিন্তু খেলা অব্যাহত রাখবেন না। দ্রগবা নিজেও ফিনিক্স ক্লাবটির অন্যতম মালিক। এ মাসের শুরুর দিকে তার দল ইউএসএল এর ফাইনালে লুইসভিল সিটির কাছে পরাজিত হয়। দ্রগবা আগেই জানিয়েছিলেন পেশাদার হিসেবে এটাই হবে তার শেষ বছর। আফ্রিকার দুইবারের বর্ষসেরা এই খেলোয়াড়টি গত বুধবার সেটাই চূড়ান্তভাবে জানিয়ে দেন। বিবিসির ওয়ার্ল্ড সার্ভিসের স্পোর্টস আওয়ারকে তিনি বলেন, ‘২০ বছরের মাথায় আমি আমার খেলোয়াড়ী জীবনের সমাপ্তি টানার সিদ্ধান্ত নিয়েছি।’
