শনিবার শুরু বিচ থ্রোবল

আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১৯:০০
শনিবার থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন প্রথম বিচ থ্রোবল প্রতিযোগিতা-২০১৬’। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের লাবনী পয়েন্টে আগামী ১৬ ও ১৭ জুলাই  চলবে দু’দিন ব্যাপী এই প্রতিযোগিতা।
 
বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
 
সংবাদ সম্মেলনে বলা হয় ওয়ালটন প্রথম বিচ থ্রোবল প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ৪টি দল এবং মহিলা বিভাগে ৩টি দল অংশ নেবে। পুরুষ বিভাগের চারটি দল হল- বাংলাদেশ পুলিশ, গ্লোরিয়াস স্পোর্টিং ক্লাব ঢাকা, ঢাকা রাইডার্স এবং পাবলা সবুজ সংঘ, খুলনা।
 
মহিলা বিভাগের দলগুলো হল- যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাব, খিলগাঁও সমাজকল্যাণ সংঘ এবং পাবলা সবুজ সংঘ, খুলনা।
 
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি দেওয়া হবে। এ ছাড়া ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে সেরা খেলোয়াড়কে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ওয়ালটনের সিনিয়র এডিশনাল ডিরেক্টর ও বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের সভাপতি এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), ওয়ালটনের এজিএম মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম-আল-মামুনসহ অন্যান্য কর্মকর্তাগণ।