মন শুদ্ধ করতে ট্রাম্পকে গ্রিন টি পাঠালো ভারতীয় প্রতিষ্ঠান

আপডেট : ১৪ জুলাই ২০১৬, ২০:০৮
মার্কিন রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে গ্রিন টি পাঠাল কলকাতার একটি সংস্থা। সঙ্গে বার্তা দিয়েছে যে, চা খেলে ‘মন শুদ্ধ’ হবে।
 
কলকাতার একটি চা-বিপণী সংস্থা সম্প্রতি ট্রাম্পকে আসামের বিখ্যাত গ্রিন টি-র ৬ হাজার ব্যাগ পাঠিয়েছে। সেই সঙ্গে একটি বার্তাও পাঠানো হয়। সেখানে বলা হয়- জনাব ট্রাম্প, ভারত থেকে নমস্তে। আমরা আপনাকে প্রচুর পরিমাণ প্রাকৃতিক গ্রিন টি পাঠালাম। এটা শরীরে ক্ষতিকারক মৌলের সঙ্গে লড়াই করতে সাহায্য করে। শরীর ও মন শুদ্ধ করে এবং সুস্থ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এটাও প্রমাণিত যে, গ্রিন টি মানুষকে আরও বিচক্ষণ করে তোলে। জনাব ট্রাম্প, অনুগ্রহ করে এই চা পান করবেন। এতে আপনার ভালো, মার্কিন যুক্তরাষ্ট্রের ভালো, বিশ্বেরও ভালো হবে।
 
এমন একটা ‘খোঁচা দেওয়ার’ বার্তা কেন পাঠানো হল? ভিডিও বার্তায় সংস্থার এক শীর্ষ কর্মকর্তারা বলেন, ট্রাম্পের উদ্দেশ্যে বার্তা একটাই। নিজেকে শুদ্ধ করার সময় এখনও পেরিয়ে যায়নি। ওই কর্তা জানান, ওই বিপুল পরিমাণ চা নিউইয়র্কের ট্রাম্প টাওয়ার্স-এর ঠিকানায় পাঠানো হয়েছে।
 
ওই কর্মকর্তা আরও জানান, ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বকে উদ্বেগে রেখেছেন। আমরা ওনাকে আটকাতে পারব না, হয়তো তাঁর মধ্যে বদল আনতে পারি। তিনি বলেন, আমাদের বিশ্বাস, গ্রিন টি পান করে উনি দেশের ভাল করবেন। এনডিটিভি।