অভয়াশ্রমে মাছ শিকার, ৩৩ জেলের কারাদণ্ড

আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৮:২০

ভোলায় মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৩৩ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, মাছের অভায়াশ্রমে মাছ শিকার বন্ধ করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের একটি দল মেঘনায় অভিযানে নামে।

অভিযানে থাকা দলটি রাত ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত মেঘনার তুলাতলী, কোড়ারখাল, হেতনার খাল ও ভোলার খাল পয়েন্ট থেকে মাছ ধরার অপরাধে ৩৩ জেলেকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত প্রত্যেকের এক বছর করে কারাদণ্ড দেয়।

আরো পড়ুন: মুন্সীগঞ্জে ১ হাজার কেজি জাটকা জব্দ, ৫ জনকে জরিমানা

উল্লেখ্য মার্চ-এপ্রিল দুই মাস ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভায়াশ্রম হিসাবে ঘোষণা করা হয়েছে। এ সময় নদীতে ইলিশসহ সকল প্রজাতির মাছ ধরা, জাল ফেলা, পরিবহন করা নিষিদ্ধ করা হয়েছে। 

ইত্তেফাক/অনি