গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকার বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে দুই মাদ্রাসাছাত্রকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ও বাঁশবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো টুঙ্গিপাড়া উপজেলার উত্তর বাঁশবাড়িয়া গ্রামের মো. আলী মিয়া শেখের ছেলে মো. কদর শেখ (১৮), একই গ্রামের দাউদ আলী শেখের ছেলে মো. বায়েজিদ শেখ (২০)।
কদর কোটালীপাড়া উপজেলার কুরপালা কওমি মাদ্রাসার না’ বিবি বিভাগের ও বায়োজিদ টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া কওমি মাদ্রাসার জালালিয়াত বিভাগের ছাত্র।
স্থানীয়রা জানিয়েছেন, বুধবার টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বর খোকন তালুকদার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনার বিচার পরিচালনা করেন। এ বিচারের তিনি অভিযুক্তদের ১ লাখ টাকা জরিমানা করেন। সালিশের ভিডিও চিত্র ২ মাদ্রাসা ছাত্র তাদের মোবাইল ফোনে ধারন করে। মেম্বরের লোকজন মাদ্রাসা ছাত্রদের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়। মেবাইলে জিহাদী গান, প্রধানমন্ত্রীসহ সরকারে গুরুত্বপূর্ন ব্যক্তিদের ব্যাঙ্গ চিত্র রয়েছে বলে তারা দেখতে পান।
মেম্বরের লোকজন মোবাইলের মেমোরিকার্ড খুলে রেখে ওই ২ ছাত্রের মোবাইল ফেরৎ দিয়ে দেন। উদ্ধারকৃত মেমোরি বৃহস্পতিবার টুঙ্গিপাড়া থানার ওসিকে চালিয়ে দখানো ও শোনানোর পরই পুলিশ ওই দুই মাদ্রাসা ছাত্রকে আটক করে।
টুঙ্গিপাড়া থানার ওসি মো. মাহমুদুল হক জানিয়েছেন, আটককৃতরা সরকার বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এমন গোপান সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই দুই মাদ্রাসা ছাত্রকে আটক করে।
তাদের মোবাইল ফোনের মেমোরিতে সরকার বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের অডিও এবং ভিডিও পাওয়া গেছে। প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য, এমপি, পুলিশের আইজি ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের বিকৃত ছবি পাওয়া গেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তৃতি চলছে।
