ফ্রান্সে জরুরি অবস্থা বাড়ল আরও তিন মাস

আপডেট : ১৫ জুলাই ২০১৬, ১৩:৫৮
প্যারিসের পর এবার জঙ্গি হামলায় রক্তাক্ত হল ফ্রান্সের নিস শহর। প্রাণ গেল অন্তত ৮৪ জনের। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২০ জন।
 
এতে গত বছর প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় ফ্রান্সে জারি করা জরুরি অবস্থা আরো তিন মাস বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার ওই দ্রুতগতির ট্রাক-হামলায় নিহত হওয়ার ঘটনায় জরুরি অবস্থার এ সময় বৃদ্ধি করা হয়।
 
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জরুরি অবস্থা আরও তিন মাস বাড়ানোর ঘোষণা দেন।
 
বৃহস্পতিবার জাতীয় দিবস উপলক্ষে ফ্রান্সের নিসে হাজির হয়েছিলেন বহু মানুষ। সেখানে অনুষ্ঠান চলাকালীন একটি বিস্ফোরক বোঝাই ট্রাক নিয়ে ঢুকে পড়ে এক আততায়ী। ট্রাকের চাকায় পিষে মেরে ফেলে অন্তত ৮৪ জনকে। ঘটনায় আহত ১২০ জন। এদের মধ্যেও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
 
মৃতদের মধ্যে অনেক শিশুও রয়েছে বলে জানা গেছে। অনুষ্ঠান চলাকালীন ট্রাকটি ঢুকে পড়ে। পুলিশ সেটিকে থামানোর চেষ্টা করলেও প্রাণ রক্ষা হয়নি ওই ৮০ জনের। তবে শেষপর্যন্ত আততায়ী ট্রাক চালককে গুলি করে মেরে ফেলতে সক্ষম হয়েছে পুলিশ।
 
নিহত ট্রাকচালকের বয়স ৩১ বছর। সে ফরাসি-তিউনিশিয় নাগরিক বলে জানিয়েছে পুলিশ। এই হামলার পিছনে আরও কেউ থাকতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
 
এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।
 
গত বছরের নভেম্বরে প্যারিসে হামলা চালিয়েছিল আইএস জঙ্গিরা। সেই হত্যালীলায় অন্তত ১২৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়। এরপর এদিন ফের নিসের মতো উপকূলবর্তী শহরে ট্রাক হামলা চালাল জঙ্গিরা।