নাটোরের নলডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতে এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার সাধারণ ডায়েরি করেছেন।
শিক্ষা কর্মকর্তা বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে ইউএনওর কার্যালয়ে ডাকযোগে একটি চিঠি আসে। হলুদ খামে পাঠানো এক পৃষ্ঠার চিঠিটি সাদা কাগজে হাতে লেখা।’
ইউএনওকে সম্বোধন করে ওই চিঠিতে বলা হয়েছে, ‘কোরবানির ঈদের আগেই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল কুমারকে সরিয়ে দিতে হবে। নইলে তাকে ঈদের আগেই কোরবানি দেয়া হবে। চিঠিতে আরো বলা হয়েছে, ‘প্রাথমিক শিক্ষা কর্মকর্তার
পরেই ওসি সুবীর কুমারকে হত্যা করা হবে। নলডাঙ্গা উপজেলায় কোনো মালায়নকে চাকরি করতে দেয়া হবে না।’
পরিমল বলেন, ‘আমার সঙ্গে কারো কোনো বিরোধ নেই। সবার সঙ্গেই চলাফেরা করছি। হত্যার হুমকি দেয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছি না।’
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর কুমার বলেন, ‘বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। চিঠির প্রেরককে শনাক্ত করার চেষ্টা চলছে।’
