খুলনায় শামসুল হক রাজ (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজ নগরীর দৌলতপুর মধ্যডাঙ্গা প্রামাণিকপাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।
বৃহস্পতিবার রাতে নগরীর আড়ংঘাটা থানার রংপুর ইউনিয়নের শলুয়া গ্রামের কালিবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। তিনি কাঠের ব্যবসা করতেন।
রংপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার রংপুর ইউনিয়নের শলুয়া কালিবাড়িতে উল্টো রথযাত্রা উপলক্ষে রথমেলা অনুষ্ঠিত হয়। রাতে মেলা শেষে একটি ছেলেকে দুর্বৃত্তরা কুপিয়ে ড্রেনের মধ্যে ফেলে রাখে বলে তিনি খবর পান। রাত সোয়া ১২টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান রাম প্রসাদ পোদ্দারের সহযোগিতায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত একটার দিকে তিনি মারা যান। তার মাথা ও পাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে। তবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
নিহতের স্বজন শাহাদাত হোসেন শাওন বলেন, ‘রাজ রথমেলায় গিয়েছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে।’
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম খান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
