হিগুয়েইনকে দলে নিলো জুভেন্টাস

আপডেট : ১৫ জুলাই ২০১৬, ১৫:১৯
বার্ষিক ৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েইনের সাথে চার বছরের চুক্তি নিশ্চিত করেছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। আগেই নাপোলি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার।
 
আর সেই সুযোগটাকেই পুরোপুরি কাজে লাগিয়েছে জুভেন্টাস। নাপোলি ছাড়ার ঘোষনার পরপরই হিগুয়েইনকে দলে নিতে বেশ কিছু ক্লাব আগ্রহ প্রকাশ করে। এর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট আর্সেনালও ছিল। গত মৌসুমে ৩৫ ম্যাচে নাপোলির হয়ে হিগুয়েইন ৩৬ গোল করেছেন।
 
তবে সব ক্লাবকে ছাপিয়ে জুভেন্টাসই এই দৌড়ে এগিয়ে গেল। যদিও এখনো বেশ কিছু শর্ত নিয়ে উভয় ক্লাবের মধ্যে আলোচনা চলছে।
 
হিগুয়েইনকে দলে নিতে জুভেন্টাসের হয়ত মিডফিল্ডার রবার্তো পেরেইরাকে ছেড়ে দিতে হতে পারে। তবে এই তালিকায় আরো নাম রয়েছে প্রতিভাবান সেন্টার ব্যাক ড্যানিয়েল রুগানির। আগামী কয়েক দিনের মধ্যেই জুভেন্টাসের জেনারেল ডিরেক্টর গিওসিপ্পে মারোত্তা নাপোলির কর্মকর্তাদের সাথে আলোচনা করে সম্ভাব্য সবকিছু চূড়ান্ত করবেন।
 
মূলত দলের অন্যতম মূল স্ট্রাইকার পল পগবার ভবিষ্যত নিয়ে শঙ্কা থেকেই জুভেন্টাস হিগুয়েইনকে দলে ভেরাতে বেশি আগ্রহী হয়ে পড়ে। ট্রান্সফার মার্কেটে গুজব রয়েছে ১২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পগবা আগামী মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তি করতে যাচ্ছেন।