শিরোপাই লক্ষ্য জামালের

আপডেট : ১৫ জুলাই ২০১৬, ১৭:৩৪
এবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগ শিরোপার স্বপ্ন দেখছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ক্লাব পরিচিতি অনুষ্ঠানে এমন আশাবাদ ব্যক্ত করেন দলটির কোচ শফিকুল হক মানিক।
 
তবে দলে অভিজ্ঞ প্লেয়ারের সংকট স্বীকার করে তিনি বলেন, ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও আমরা এই মৌসুমে স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে ভাল করতে পারিনি। তাছাড়া প্রিমিয়ার লিগকে সামনে রেখে আমাদের প্রস্তুতিটাও ভালো হয়নি। আমাদের প্রস্তুতিতে যথেষ্ট ঘাটতি আছে। কারণ আমাদের খেলোয়াড় সংকট আছে। আপনারা দেখেছেন যে দলের আটজন অভিজ্ঞ খেলোয়াড় ছাড়াই আমরা আগের দুই টুর্নামেন্ট খেলেছি।
 
প্রিমিয়ার লিগেও দলের চেহারা একই রকম থাকবে। তারপরেও শেষ মুহূর্তে কিছু নবীন খেলোয়াড় আমাদের দলে যুক্ত হয়েছে। আমি আশা করছি, নতুনদের নিয়েই আমরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারবো এবং চ্যাম্পিয়নের লড়াইয়ে ফাইট দেব।’
 
এছাড়া অধিনায়ক ইয়াসিন খানের অভিমত, ‘প্লেয়ারদের মোটিভেশন থাকলে ভালো ফলাফল করা কঠিন নয়। তাই আশা করছি প্রিমিয়ার লিগে আমরা ভাল কিছু করতে পারবো। তবে প্লেয়ার সংকট তাই বাস্তবতা কিছুটা কঠিন হয়ে গেছে। তারপরেও আমরা চেষ্টা করবো শিরোপা ধরে রাখতে।’
 
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে টানা দু’বারসহ মোট তিনবার শিরোপা জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এবারও শিরোপা স্বপ্নে মিশন শুরু করবে তারা।