খালেদ হোসাইন
মানব-জীবন হীরন্ময়—
যদি তারা স্বাধীন হয়।
থাকলে পরে পরাধীন—
মরা রাত তার, মরা দিন।
আকাশ মরা, বাতাস মরা
জীবন জুড়ে কেবল খরা।
স্বাধীনতার কী তিয়াস!
বদলালো তাই ইতিহাস।
পাকিস্তানি শোষক
উর্দু-পৃষ্ঠপোষক—
উর্দু হবে রাষ্ট্রভাষা
জিন্নাহ হলো ঘোষক।
প্রথম লড়াই ভাষার
পরম ভালোবাসার!
ফিনকি দেয়া বুকের রক্তে
চাষ করলো আশার।
অক্টোপাশের মতো
শোষণে উদ্ধত
বের করলো কতো
হাত ও হাতিয়ার—
কতোটা বা সহ্য করবে
বাঙালি জাতি আর?
আন্দোলন ও অভ্যুত্থান
বীর বাঙালি ধাত চেনান।
মুজিব ধরেন নায়ের হাল—
ঘুচিয়ে দিতে আঁধার-কাল।
ইতিহাসের নতুন বাঁক
ঘাবড়ে গেল তাবত্ পাক—
করলো ওরা আক্রমণ
এভাবে কি হয় দমন?
উনিশ শ একাত্তরে
বীর বাঙালি অস্ত্র ধরে।
অত্যাচারীর পাল্টা জবাব
দেয়া এ দেশবাসীর স্বভাব।
জাতি-ধর্ম নির্বিশেষে
হয়ে উঠলো বীর বিশেষ এ।
প্রাণ দিয়েছে তিরিশ লাখ
মান দিয়েছে মা ও বোন
রক্ত অশ্রু এবং ঘামে
ভিজলো দেশের প্রতি কোণ।
নয়টি মাসের যুদ্ধ শেষ
স্বাধীন হলো বাংলাদেশ।
আনলো যারা স্বাধীনতা
ভুলবো না আর তাদের কথা।
সারা জনম শ্রদ্ধা করে
তাদের স্মৃতি রাখবো ধরে।
