লাল সবুজের পতাকা

আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৮:৩৭

উত্পলকান্তি বড়ুয়া

 

আমাদের দিন আমাদের রাত আমাদের প্রিয় দেশ তো

সুখে দুখে হেসে তাকে ভালোবেসে আমরাই রবো ব্যস্ত!

তা তো নয় তারা, জারি করে ধারা তার মতো হবে চলতে

তার ভাষা মতে তাদেরই পথে তার কথা হবে বলতে!

 

এ কেমন রীতি অনিয়ম ভীতি আমাদের ওপর চাপানো!

এমন আর কত প্রতিনিয়ত তো দুঃসহ চাপে হাঁপানো!

নানা গঞ্জনা কত বঞ্চনা আমরা তো সই নিত্য

অবশেষে আর একদা সবার ফুঁসে ওঠে মন-চিত্ত।

 

পরাধীন ছাতা পিষে মারা জাঁতা আর করা নয় সহ্য

যুগ যুগ ধরে এই অন্তরে বাঁধ মানে না তো ধৈর্য।

কী অসম প্যাঁচে পিঠ ঠেকে গেছে নেই কোনো আর পন্থ

বুঝে শুনে দেখে হাতে হাত রেখে করেছি মরণ পণ-তো!

 

উদ্ধত সঙিন টগবগে দিন চারিপাশ কী যে তপ্ত!

মুজিবের ডাকে স্বাধীনতাটাকে করে নিই শেষে রপ্ত।

রক্তের লালে মাটির কপালে হলো পুরো পথ-আঁকা

হলো আমাদের লাল সবুজের অর্জিত এই পতাকা।