কুষ্টিয়া শহরে খৃষ্টান মিশনারি সংস্থা কর্তৃক পরিচালিত মিশন মাধ্যমিক স্কুলে জঙ্গি হামলার আশঙ্কায় শিক্ষার্থী, অভিভাবক ও স্কুলের শিক্ষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যে কারণে অভিভাবকদের মধ্যে অনেকেই কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে পাঠাচ্ছেন না।
দেশব্যাপী সংখ্যালঘু ও তাদের দ্বারা পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের উপর অব্যাহত হুমকি এবং জঙ্গি গোষ্ঠীর সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে কুষ্টিয়া মিশন স্কুলে হামলা হতে পারে এমন গুজব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় চরম আতঙ্ক ও ভীতি দেখা দিয়েছে। এদিকে জঙ্গি হামলার আশঙ্কায় স্কুলের প্রধান শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে স্কুলে পুলিশ মোতায়েন করে নজরদারি জোরদার করা হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক মানিতা মানকিন জানান, কোনো গোষ্ঠী বা ব্যক্তি হুমকি দেয়নি। তবে দেশব্যাপী হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ধর্মাবলম্বী ধর্মীয় যাজক, পুরোহিতসহ তাদের ধর্মীয় ও অন্যান্য প্রতিষ্ঠানে হুমকি এবং অব্যাহত হামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা চেয়ে তিনি পুলিশ সুপার ও কুষ্টিয়া মডেল থানার ওসিকে লিখিত আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে স্কুল চলাকালীন পুলিশ মোতায়েনসহ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম বলেন, ‘কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে আইন-শৃঙ্খলা পরিপন্থি কোন কাজ করতে না পারে সেজন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ জেলাব্যাপী পুলিশী টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।’
