গাজীপুরে ট্রাকের ধাক্কায় লেগুনা উল্টে তিন যাত্রী নিহত ও অন্তত ছয়জন আহত হয়েছেন। নিহতরা প্রত্যেকেই নারী। শনিবার বিকালে সদর উপজেলার বাঘের বাজার নামক স্থানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
মাওনা হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে ময়মনসিংহগামী দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা যাত্রীবাহী একটি লেগুনাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে লেগুনাটি রাস্তার পাশে উল্টে যায়। এতে তিন নারী যাত্রী লেগুনার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় লেগুনার অন্তত ৬ যাত্রী আহত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে।
