ময়মনসিংহে ৭ যুবক নিখোঁজ

আপডেট : ১৬ জুলাই ২০১৬, ২১:৫৯
ময়মনসিংহে পুলিশ সাত যুবকের নিখোঁজের তালিকা তৈরি করেছে। এ তালিকার ব্যাপারে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম সত্যতা স্বীকার করেছেন।
 
দীর্ঘদিন ধরে এসব যুবকের কোনো হদিস না পেয়ে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তাদের পরিবার।
 
জেলা গোয়েন্দা পুলিশের তথ্যানুযায়ী নিখোঁজ যুবকরা হলো- গফরগাঁও উপজেলার ধামাইল গ্রামের আবুল হোসেনের ছেলে ফরহাদ মিয়া (১৫), ধোবাউড়া উপজেলার গোপিনপুর গ্রামের রুকনুদ্দিনের ছেলে মুজাহিদুর রহমান (১৩), ফুলবাড়ীয়া উপজেলার জোরবাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন (২৮), একই উপজেলার ভবানীপুর টানপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে জহিরুল ইসলাম (১৬), কৈয়ারচালা গ্রামের রফিজ উদ্দিনের ছেলে মো. নায়েদুল্লাহ (১২)।
 
ভালুকা উপজেলায় বসবাস করা শুভ্রা কুবি ২০১৬ সালের ১৮ এপ্রিল সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, তাদের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বড়গজনী গ্রামে। তার ভাই রাজেশ কুবি (২৪) নিখোঁজ রয়েছেন। একইভাবে হালুয়াঘাট থানায় গত বছরের ২৩ মার্চ স্থানীয় আকনপাড়া গ্রামের ব্যবসায়ী রিপন সাহা সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, কক্সবাজার জেলার উখিয়া থানার আব্দুর রহমান যতি (২৮) নিখোঁজ রয়েছেন।
 
ময়মনসিংহের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম জানান, জেলার বিভিন্ন উপজেলায় সাতজন নিখোঁজ রয়েছে। সংশ্লিষ্ট থানায় কে, কী কারণে নিখোঁজ, তাদের পারিবারিকসহ নানা বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে। কিন্তু তারা আদৌ কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত হয়েছে কি-না সেটি যাচাই-বাছাই করা হচ্ছে।