ডগলাস বোর্ডিং

আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৯:০৬

ইকবাল হাসান

 

বরিশাল যাচ্ছি, ডাকছে বগুড়া রোড, ডগলাস বোর্ডিং, আয় আয়

এখানে লুকিয়ে আছে তোর সেই জন্ম-ইতিহাস...

অচেনা এমন স্বর কতোদিন পর! যেন কতোকাল বধির ছিলাম,

ঘুমঘোরে, সেই ডাকে সাড়া দিয়ে বরিশাল যাচ্ছি জলপথে বহুযুগ পর

হঠাত্ ট্রাফিক সার্জন এক অলৌকিক ইশারায় আমাকে থামালো

যেমন থামায় তারা উত্তরা থেকে ঢাকার পথে চেয়ারম্যান বাড়ির

রাস্তায়, ফার্মগেট, মতিঝিল, টিকাটুলি, মৌচাক মোড়ে। পাশ দিয়ে

সবাই যাচ্ছে চলে সাঁই সাঁই করে, আমার সামনে শুধু লাল, মেঘনার

মাঝখানে ট্রাফিক সার্জন এক অলৌকিক ঈশ্বরের মতো দু হাত তুলে 

যেন চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে রয়েছে!

তবু ভেসে আসে সেই স্বর, আয় আয়, আমাদের কাছে আয়,

আমরা শুনেছি তোর জন্মগ্রহণের প্রথম চিত্কার...

 

কিন্তু আমাকে দাঁড় করিয়ে রেখেছে রক্তচক্ষু সেই ট্রাফিক সার্জন

আমি আর কতোকাল মেঘনার বুকে নিষ্পত্র বৃক্ষের মতো দাঁড়িয়ে থাকবো?