সুবিধাজনক অবস্থানে মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চল

আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ২১:৩২

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম দিনে তিনটি সেঞ্চুরি হয়েছিল। বিসিবি উত্তরাঞ্চলের পক্ষে নাঈম ইসলাম, জহুরুল ইসলাম সেঞ্চুরি করেছিলেন। ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে সেঞ্চুরি করেছিলেন আব্দুল মজিদ। গতকাল প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনে আর কোনো সেঞ্চুরি হয়নি। তবে নার্ভাস নাইনটিজের খড়গে পড়েছেন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের ফজলে মাহমুদ। ৯৪ রানে আউট হন তিনি।

গতকাল দ্বিতীয় দিন শেষে সিলেটে দক্ষিণাঞ্চলের বিপক্ষে ৩ রানে এগিয়ে আছে মধ্যাঞ্চল। তাদের ২৮২ রানের বিপরীতে গতকাল দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৮১ রানে। শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ২ রান তুলেছে মধ্যাঞ্চল। লিটন দাস ২ ও সাইফ হাসান শূন্য রানে ব্যাট করছেন।

রাজশাহীতে উত্তরাঞ্চল প্রথম ইনিংসে ৪৪৫ রান তুলেছে। পরে চার উইকেটে ১২৫ রান তুলে দিনের খেলা শেষ করেছে পূর্বাঞ্চল। দলের পক্ষে তাসামুল হক ২৪ রানে অপরাজিত রয়েছেন।

আগের দিনের বিনা উইকেটে ২৯ রান নিয়ে খেলতে নেমে গতকাল ২৫২ রান যোগ করতে দশ উইকেট হারায় দক্ষিণাঞ্চল। দলীয় ৭২ রানে বিজয় ফিরেন। তিনি ৩১ রান করেন। তারপর দ্বিতীয় উইকেটে শাহরিয়ার নাফিস ও ফজলে মাহমুদ ৭৭ রানের জুটি গড়েন। শাহরিয়ার নাফিস ৭১ রান করে আউট হলে ভাঙে সেই জুটি। তারপর ফজলে মাহমুদ একপ্রান্ত আগলে থাকলেও মিডল অর্ডারের ধসে ২২০ রানে ৮ উইকেট হারিয়ে বসে দলটি। নবম উইকেটে রুবেলের সঙ্গেও ৩৩ রানের জুটি গড়েন ফজলে মাহমুদ। তিনি আউট হন ১৩ চারে ৯৪ রান করে। রুবেল করেন ৩০ রান। মধ্যাঞ্চলের মোশাররফ হোসেন চারটি, রবিউল ও শহীদুল দুটি করে উইকেট নেন।

উত্তরাঞ্চলের দুই সেঞ্চুরিয়ান নাঈম ও জহুরুল গতকাল ইনিংস আর বেশি বড় করতে পারেননি। এদিন ১১০ রান যোগ করতেই শেষ আট উইকেট হারিয়েছে দলটি। জহুরুল ১০৪ রানে ফিরেছেন। নাঈম আউট হন ১৩৭ রান করে। লোয়ার অর্ডারে জিয়াউরের ২৯ রান ছাড়া আর কেউ সুবিধা করতে পারেননি। পূর্বাঞ্চলের হাসান মাহমুদ চারটি, এনামুল হক জুনিয়র তিনটি, আবু জায়েদ রাহী দুটি করে উইকেট পান। চা বিরতির আগে ব্যাটিংয়ে নামা পূর্বাঞ্চল ভালো শুরুটা ধরে রাখতে পারেনি। ৪৬ রানে ওপেনার শামসুরের (২৪) বিদায়ের পর জাকির-আফিফও দ্রুত ফিরে যান। চতুর্থ উইকেটে ৫২ রানের জুটি গড়েন রনি তালুকদার ও তাসামুল হক। দিনের শেষ বলে আউট হওয়া রনি তালুকদার ৫৪ রান করেন। উত্তরাঞ্চলের এবাদত ও সানজামুল দুটি করে উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোর

ওয়ালটন মধ্যাঞ্চল-প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল

মধ্যাঞ্চল: ২৮২, ৭৪.৫ ওভার (আব্দুল মজিদ ১৪১*, শহীদুল ৫৮, নাজমুল শান্ত ২৩, মোশাররফ হোসেন ১৯; আল-আমিন হোসেন ৩/৬৫, রাজ্জাক ৩/৭০, রুবেল ২/৪২, শফিউল ১/৪৪, মেহেদী হাসান ১/৫৭)

দ্বিতীয় ইনিংস ২/০, ২ ওভার (লিটন দাস ২*, সাইফ হাসান ০*)

দক্ষিণাঞ্চল: ২৮১, ৮৭.১ ওভার (ফজলে মাহমুদ ৯৪, শাহরিয়ার নাফিস ৭১, এনামুল হক বিজয় ৩১, রুবেল ৩০, নুরুল হাসান ১৭; মোশাররফ হোসেন ৪/৫৩, রবিউল হক ২/৭২, শুভাগত ১/৪৫, আবু হায়দার ১/৬৬)

বিসিবি উত্তরাঞ্চল-ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল

উত্তরাঞ্চল: ৪৪৫, ১১২.১ ওভার (নাঈম ইসলাম ১৩৭, জহুরুল ইসলাম ১০৪, মিজানুর ৯২, জিয়াউর ২৯, জুনায়েদ ২৮; হাসান মাহমুদ ৪/৮৪, এনামুল জুনিয়র ৩/১২২, আবু জায়েদ ২/৮১)

পূর্বাঞ্চল: ১২৫/৪, ৩৬ ওভার (রনি তালুকদার ৫৪, শামসুর রহমান ২৪, তাসামুল ২৪*; সানজামুল ২/১৭, এবাদত হোসেন ২/২৬)