সিরাজগঞ্জে ২ জনের লাশ উদ্ধার

আপডেট : ১৭ জুলাই ২০১৬, ১৩:০৪
 
সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে এক বৃদ্ধ ও এক নারীর লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। এদের মধ্যে বৃদ্ধকে গলাকেটে এবং নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে। নিহত আব্দুস সালাম (৫৫) রতনকান্দি হাবিবুল্লাহ নগরের কোরবান আলীর ছেলে।
 
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে আব্দুস সালাম বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। রবিবার সকালে বাড়ির কাছে রাউতলা বাধের কাছে গলাকাটা একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আব্দুস সালামের পরিবার পরে লাশটি দেখে সনাক্ত করেন। 
 
অপরদিকে রবিবার সকালে উপজেলার যমুনা নদীর চর শালিকা এলাকায় এক নারীর লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। এই নারীর পরিচয় পাওয়া যায়নি।
 
শাহজাদপুর থানার ওসি রেজাউল হক জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটন করার জন্য ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। এ ব্যাপার থানায় পৃথক মামলা হয়েছে।