সিংড়ায় আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার

আপডেট : ১৭ জুলাই ২০১৬, ১৫:২২
 
নাটোরের সিংড়ায় গোপন বৈঠকের সময় মিজানুর রহমান (৩২) নামের আনসারউল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেফতার করেছে সিংড়া থানা পুলিশ। এ সময় একটি ল্যাপটপ ও তিনটি জিহাদী বই উদ্ধার করা হয়েছে। আটক মিজানুর রহমান বড়বারই হাটি গ্রামের মেহের আলী মাষ্টারের ছেলে। 
 
সিংড়া থানার উপ-পরিদর্শক দেবব্রত দাস জানান, সিংড়া উপজেলার বড়বারইহাটি এলাকায় আনসারউল্লাহ বাংলা টিমের ৬ থেকে ৭ জন সদস্য গোপন বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বাকিরা পালিয়ে গেলেও আটক করা মিজানুর রহমানকে। এসময় মিজানুর রহমানের ব্যবহৃত ল্যাপটপ, তিনটি জিহাদী বই উদ্ধার করা হয়। 
 
এদিকে শনিবার ভোরে মিজানুর রহমানকে আটক করা হলেও জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি গোপন রাখা হয়। আটক মিজানুর রহমানকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযানও পরিচালনা করে পুলিশ। পরে মিজানুর রহমানকে দিনভর জিজ্ঞাসাবাদ শেষে নিজেকে আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য বলে স্বীকার করে মিজানুর রহমান। 
 
নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম আটকের সত্যতা স্বীকার করে জানান, আটক মিজানুর রহমানকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে সম্প্রতি হত্যাকাণ্ডের সঙ্গে মিজানুর রহমান জড়িত কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।