সাতক্ষীরায় ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে তিন মাসের কারাদণ্ড

আপডেট : ১৭ জুলাই ২০১৬, ১৫:২৭
সাতক্ষীরায় সংসদ সদস্যের মেয়েকে উত্ত্যক্তের দায়ে আশিকুর রহমান নামে এক ছাত্রলীগ নেতাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 
 
রবিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মনিরা পারভীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই সাজা দেন। 
সাজাপ্রাপ্ত আশিকুর রহমান সাতক্ষীরা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও ছাত্রলীগের ইয়ার কমিটির সভাপতি। 
 
সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ জানান, কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আশিকুর রহমান এক ছাত্রীকে উত্ত্যক্ত করলে সে এসে অধ্যক্ষের কার্যালয়ে অভিযোগ দেয়। বিষয়টি প্রশাসনকে জানালে সহকারী কমিশনার (ভূমি) মনিরা পারভীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ছাত্রকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।